আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের সেহারাবাজারে বামফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি নির্বাচনী জনসভা। রায়না বিধানসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সোমনাথ মাঝি এবং খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে প্রার্থী রামজীবন রায়ের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষ। এছাড়াও বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এদিনের সভায় অংশ নেন। সভামঞ্চ থেকে তিনি রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান।
শতরূপ ঘোষ অভিযোগ করেন, বাম আমলে ফড়েদের দৌরাত্ম্য এতটা ছিল না, কিন্তু বর্তমানে তৃণমূল সরকারের আমলে রাজ্যজুড়ে ফড়েদের প্রভাব বেড়েছে। এর ফলে চাষিরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না, অথচ খোলা বাজারে সেই আলু বেশি দামে বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, তৃণমূল ও বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে বামপন্থীদের ভালো ফল হবে এবং রাজ্যজুড়ে বামেদের ভোট উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও দাবি করেন তিনি।







