পূর্ব বর্ধমান জেলার কালনায় কল্যাণপুর মণ্ডল সনাতনী আয়োজন সমিতির উদ্যোগে রবিবার সকালে কালনা আরএমসি মার্কেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল হাজার কণ্ঠে গীতা পাঠের মহৎ অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয় ভারত মাতার পূজোর মাধ্যমে।
এরপর অনুষ্ঠিত হয় হোম যজ্ঞ। সমস্ত আচার সম্পন্ন হওয়ার পরই শুরু হয় হাজার কণ্ঠে একযোগে গীতা পাঠ। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মধ্যে মোট ১০৫০টি গীতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সম্পাদক মানিক বাইন জানান, হাজার কণ্ঠে গীতা পাঠ, গীতা বিতরণ, হোম যজ্ঞ এবং ভারত মাতার পূজো—সমস্ত কর্মসূচিই পরিকল্পনা অনুযায়ী ভক্তিভরে ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সমাজে আধ্যাত্মিক চেতনা ও ধর্মীয় মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।








