আইপিএলের মঞ্চে গত কয়েক মৌসুমে বিতর্ক ও সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন সঞ্জীভ গোয়েঙ্কা । ক্রিকেট প্রশাসক না হয়েও দল গঠনের সিদ্ধান্তে তাঁর ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। অনেকেই তাঁকে ‘পাঞ্চিং ব্যাগ’ বলেও কটাক্ষ করেছেন—যা তিনি নিজেও স্বীকার করেছেন।
এক সাক্ষাৎকারে গোয়েঙ্কা বলেন, “আমি সোশ্যাল মিডিয়াকে ঠিকভাবে বুঝতে পারিনি। তাই অনেক ভুল করেছি। এখন মনে হচ্ছে, আমি যেন ওখানে পাঞ্চিং ব্যাগ হয়ে গেছি”। তাঁর মতে, সমালোচনা অনেকটাই বাস্তবতার বাইরে হলেও কিছু ক্ষেত্রে তা গ্রহণযোগ্য।
তবে আত্মসমালোচনাতেই থেমে থাকেননি তিনি। স্পষ্ট স্বীকারোক্তি, গত মরসুমে লখনৌ সুপার Giants-এর দল চ্যাম্পিয়ন হওয়ার মতো ভারসাম্যপূর্ণ ছিল না। নিলাম থেকে শুরু করে দল গঠন—সব ক্ষেত্রেই ভুল হয়েছে বলে মেনে নিয়েছেন তিনি।
গোয়েঙ্কা বলেন, “আমি ভুল করলে সেটা স্বীকার করি। গত বছর আমরা ভুল দল বানিয়েছিলাম। নিলামে ভুল করেছি, প্রস্তুতিতেও ঘাটতি ছিল। তবে এ বছর সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছি”।
অধিনায়কত্ব নিয়ে বিতর্কের মাঝেও ঋষভ পন্থ -এর উপর পূর্ণ আস্থা রেখেছেন তিনি। তাঁর বক্তব্য, দলের প্রধান বোলাররা না থাকলে অধিনায়কের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। তাই শুধুমাত্র অধিনায়ককে দোষারোপ করা ঠিক নয়।
সব মিলিয়ে, ভুল স্বীকার করে নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন গোয়েঙ্কা। এখন প্রশ্ন একটাই—এই আত্মসমালোচনা কতটা কার্যকর হবে? নতুন মরসুমে দল কি সত্যিই ভারসাম্য খুঁজে পাবে?
আইপিএলের আগামী অধ্যায়েই তার উত্তর মিলবে।











