২০০২ সালের ভোটার তালিকায় বাবার নাম থাকা সত্ত্বেও হেয়ারিংয়ের ডাক পেয়ে আতঙ্কিত হয়ে পড়লেন এক গৃহবধূ। পূর্ব বর্ধমান জেলার,কালনা এক নম্বর ব্লক অফিসে হেয়ারিংয়ে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরপর তিনবার জ্ঞান হারালে তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ ওই গৃহবধুর নাম ইসমোতারা বিবি। তাঁর বাড়ি হাওড়া জেলার বাগনানের জোকা এলাকায়। বিবাহসূত্রে বর্তমানে তিনি কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের গ্রামকালনার দক্ষিণ পাড়ায় বসবাস করেন। জানা গিয়েছে, এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন)–এর নিয়ম অনুযায়ী তিনি তাঁর বাবা শেখ ইলিয়াসের ২০০২ সালের ভোটার তালিকায় থাকা নামের ভিত্তিতেই ফর্ম পূরণ করেছিলেন। তবুও তাঁকে হেয়ারিংয়ের জন্য ডাকা হয়।
মঙ্গলবার হেয়ারিংয়ে হাজির হয়ে নথি জমা দিতে গিয়ে সমস্যায় পড়েন ইসমোতারা বিবি। তাঁর কাছে সপ্তম শ্রেণিতে অধ্যয়নের স্কুল সার্টিফিকেট ছাড়া অন্য কোনও নথি ছিল না। অভিযোগ, সেই নথি গ্রহণ করতে অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় হেয়ারিং লাইনের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান।
সঙ্গে থাকা স্বামী ও শ্বশুর তাঁকে উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ মহিলা ও তাঁর স্বামীর দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় বাবার নাম থাকা সত্ত্বেও কেন হেয়ারিংয়ে ডাকা হল, তা তাঁদের কাছে স্পষ্ট নয়। একই সঙ্গে জমা দেওয়া নথি ও স্কুল সার্টিফিকেট গ্রহণ না করায় চরম আতঙ্কের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের অভিযোগ।








