তাপমাত্রা বাড়তেই বাজারে বেড়েছে আখের রসের চাহিদা। গরমের দাপটে স্বস্তির খোঁজে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন রসের ঠেলাগাড়িগুলিতে। পূর্ব বর্ধমানের দাঁইহাট এলাকায় এবার সেই চাহিদা মেটাতে ব্যবহার করা হচ্ছে মোটরচালিত পেষাই যন্ত্র, যা ক্রেতাদের নজর কেড়েছে।
আগে যেখানে হাতে ঘোরানো যন্ত্রে আখ পেষাই করতে সময় লাগত বেশি, সেখানে এখন মোটরচালিত মেশিনে কয়েক মিনিটেই একাধিক গ্লাস রস তৈরি হচ্ছে। ফলে ক্রেতাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। বিশেষ করে দুপুরের ব্যস্ত সময়ে এই যন্ত্র বিক্রেতাদের বড় সহায়ক হয়ে উঠেছে।
স্থানীয় বিক্রেতাদের দাবি, গরম বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বিক্রি বাড়ছে। মোটরচালিত যন্ত্র ব্যবহারের ফলে পরিশ্রম যেমন কমছে, তেমনি কম সময়ে বেশি গ্রাহককে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে।
রম যত বাড়বে, আখের রসের বাজার তত জমবে—এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। দাঁইহাটে আধুনিক পেষাই যন্ত্রের ব্যবহার সেই বাজারকেই আরও গতিময় করে তুলেছে।







