কলকাতা:- ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনার ফর্ম ফিলাপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যজুড়ে আয়োজন করা হবে বিশেষ ‘জনকল্যাণ শিবির’। মূল উদ্দেশ্য, সাধারণ মানুষকে ফর্ম পূরণে সরাসরি সহায়তা করা এবং সমস্ত সংশয় দূর করা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ পাতার এই আবেদনপত্র পূরণ করতে গিয়ে যাতে কেউ সমস্যায় না পড়েন, তার জন্য ব্লক স্তর, পুরসভা এলাকা ও পঞ্চায়েত স্তরে বিশেষ ক্যাম্প বসানো হবে। বড় পুরসভাগুলিতে ওয়ার্ড ভিত্তিক শিবির আয়োজন করা হবে। পাশাপাশি গ্রামাঞ্চলে প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়েও আবেদনপত্র পূরণে সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।

সরকারি সূত্রের খবর, আবেদন অনলাইন বা অফলাইন— দুইভাবেই করা যাবে। যেকোনো ধরনের জটিলতায় সরাসরি সহায়তা করবেন বিডিও, পুরসভার আধিকারিক ও স্থানীয় বিধায়করা। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে পরবর্তী ৯০ দিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ ও এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে। রাজ্যের প্রায় ২ কোটির কাছাকাছি উপভোক্তা এই প্রকল্পের আওতায় আসতে পারেন বলে প্রশাসনিক মহলের অনুমান।
এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প যথারীতি চালু থাকবে। ফলে উপভোক্তাদের সুবিধা বজায় থাকবে বলেই মনে করছে প্রশাসন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই প্রশাসনিক উদ্যোগের ফলে সাধারণ মানুষের ফর্ম পূরণ সংক্রান্ত বিভ্রান্তি অনেকটাই দূর হবে এবং প্রকল্প বাস্তবায়নে গতি আসবে।











মমতা ব্যানার্জীর একাধিক প্রকল্প নিয়ে কটাক্ষ বিজেপি সরকারের উপ মূখ্যমন্ত্রীর