শুরু থেকেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আবহে মুখর নন্দন প্রাঙ্গণ। মঙ্গলবারও সেই ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে দিনটি আরও বিশেষ হয়ে ওঠে যখন বিকেল পাঁচটা নাগাদ হঠাৎই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সিনেপ্রেমীদের কাছে এটি ছিল এক আনন্দময় চমক। ছবির টিকিট হাতে মুখ্যমন্ত্রীকে নন্দনে দেখে উৎসবের উচ্ছ্বাস যেন আরও বেড়ে যায়। এরপর তিনি ঘুরে দেখেন নন্দন চত্বর ও সেখানে চলা চলচ্চিত্র উৎসবের বিভিন্ন আয়োজন, সঙ্গে কথা বলেন কয়েকজন কলাকুশলীর সঙ্গে।
মুখ্যমন্ত্রী এদিন বিকেলে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে প্রবেশ করেই চলে যান দোতলার কনফারেন্স রুমে, যেখানে তিনি প্রায় এক ঘণ্টা সময় কাটান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে আড্ডা মারতে এসেছিলাম। অন্য সময় সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তবে এই সময় নন্দন একেবারে মিলন মেলায় পরিণত হয়।” নন্দনের ফিল্মি সাজসজ্জা ও উৎসবের রঙিন পরিবেশও তিনি উপভোগ করেন হাসিমুখে।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “কাউকে না জানিয়ে চলে এসেছিলাম। কিছু পুরোনো দিনের আড্ডার অভিজ্ঞতা ভাগ করে। আমি সিনেমার অনুরাগী। ইন্দ্রনীলের কাছে শুনেছি কারা গান গাইবে। এইসব গান আমার মুখস্থ থাকে। সকালে উত্তরবঙ্গ থেকে এসেছি, এখন কিছু কাজ আছে, পারলে পরে আবার আসব। প্রত্যেক বছর ফেস্টিভ্যাল আরও বড় হবে।” যাওয়ার আগে এক ছোট দর্শককে আদর করেন মুখ্যমন্ত্রী। ‘প্রিয় দিদি’-কে এক ঝলক দেখার জন্য নন্দন প্রাঙ্গণে তখন উপচে পড়ে জনতা। সবার উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান তিনি।








