আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“বদলা হবে, বদলও হবে” — দেওয়াল লিখন ঘিরে গলসিতে রাজনৈতিক তরজা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে পূর্ব বর্ধমানের গলসিতে। বিজেপির দেওয়াল লিখনে উঠে এসেছে স্লোগান— “বদলা হবে, বদলও হবে, পদ্ম চিহ্নে ভোট দিন”। আর এই স্লোগান ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময় তৃণমূল কংগ্রেসের অন্যতম স্লোগান ছিল— “বদলা নয়, বদল চাই”। সেই প্রেক্ষাপটেই ২০২৬-এর আগে বিজেপির দেওয়াল লিখনে “বদলা হবে, বদলও হবে” বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।গলসী বিধানসভা এলাকার উচ্চগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন শুরু হয়েছে।

প্রার্থীর নাম ঘোষণা না হলেও প্রচারপর্বে সক্রিয় হয়ে উঠেছে দলগুলি। তার মধ্যেই বিজেপির এই স্লোগান লেখা দেওয়াল নজর কেড়েছে।
গলসী বিধানসভা এলাকায় বিজেপির মুখপাত্র হিসেবে পরিচিত রাজু পাত্র দাবি করেন, তাঁদের দল দীর্ঘদিন ধরে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। তাঁর বক্তব্য, “এই দেওয়াল লিখনের মাধ্যমে আমরা জানাতে চাই—বিজেপি আর আগের মতো চুপ করে থাকবে না। প্রয়োজনে জীবন দিয়েও প্রতিরোধ গড়ে তোলা হবে”।

অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম অভিযোগ করেন, বিজেপি হিংসার রাজনীতি করছে। তাঁর দাবি, বাংলার মানুষ হিংসাশ্রয়ী রাজনীতিকে সমর্থন করবে না। তিনি বলেন, “বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে, তার জন্য তৃণমূল গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে”।

যদিও এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই, তবে দেওয়াল লিখন ঘিরে দুই পক্ষের তীব্র বাকযুদ্ধেই স্পষ্ট—নির্বাচনের আগে গলসির মাটিতে রাজনৈতিক পারদ দ্রুত চড়ছে।

See also  কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফার বর্ণাঢ্য মনোনয়ন শোভাযাত্রা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি