পূর্ব বর্ধমানের মেমারিতে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতার নাম রুকসনা খাতুন (প্রায় ১৯)। বাড়ি মেমারির তাতারপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে মেমারি হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশ-কে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর মর্গে পাঠায়।
পরিবারের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিলেন রুকসনা। তবে বাড়ি ফেরার পর পড়াশোনার পরিবর্তে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে পরিবারের বক্তব্য। বিষয়টি নিয়ে মা তাঁকে পড়াশোনায় মন দিতে বলেন। এরপর তিনি কিছুটা মনমরা হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করার কথা জানান।
শনিবার সকালে ঘরে গিয়ে পরিবারের সদস্যরা তাঁর সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ঘটনাটি সামনে আসে।ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।







