ফের একবার কলকাতার আর জি কর হাসপাতালে অব্যবস্থার অভিযোগ সামনে এল। চিকিৎসা করাতে এসে এক প্রৌঢ়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত।
পরিবারের দাবি, বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়। ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসার পর রোগীর শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়।
অভিযোগ, সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও স্ট্রেচারের ব্যবস্থা করা হয়নি। বরং রোগীকে হাসপাতালের গেট সংলগ্ন সুলভ শৌচালয়ে যেতে বলা হয়। বাধ্য হয়ে পরিবারের সদস্যরাই অসুস্থ অবস্থায় তাঁকে হাঁটিয়ে নিয়ে যান।
পরিবারের অভিযোগ, ট্রমা কেয়ার থেকে শৌচালয়ের পথে যাওয়ার সময়ই অচৈতন্য হয়ে পড়েন বিশ্বজিৎ সামন্ত। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। তাদের অভিযোগ, যথাযথ ব্যবস্থা থাকলে এই মৃত্যু এড়ানো সম্ভব ছিল। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







