সম্প্রীতির বার্তা নিয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো সরডাঙ্গা সম্প্রীতি উৎসব ২০২৬। চার বছরে পা দিল এই উৎসব, যা এলাকার সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করে তুলছে।
এলাকার পরিচিত সমাজসেবী বাপ্পা দার উদ্যোগে গত তিন বছর ধরে এই উৎসবের আয়োজন হয়ে আসছে। উদ্যোক্তাদের কথায়, এবছর উৎসব চতুর্থ বর্ষে পদার্পণ করেছে এবং প্রতি বছরই মানুষের অংশগ্রহণ বেড়েই চলেছে।
রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। হিন্দু, মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সম্প্রীতির বার্তাকেই মূলমন্ত্র করে শুরু হয় এই উৎসব।
আয়োজকদের বক্তব্য, কোনও ধর্মকে ছোট না করে সকলকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। উৎসবের অন্যতম উদ্যোক্তা বাপ্পা দা জানান, আগে গ্রামে বড় কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না। ফলে এলাকার মানুষকে আনন্দ উপভোগ করতে শহরে যেতে হত। সেই অভাব দূর করতেই এই উৎসবের সূচনা, যাতে গ্রামের মানুষ ঘরেই বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী আব্দুল শেখ এবং অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আগামী দিনগুলিতেও থাকছে একাধিক বিশেষ আকর্ষণ। উপস্থিত থাকার কথা রয়েছে অভিনেত্রী ইধিকা পাল এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ -এর।
গ্রামের মানুষের বিপুল উৎসাহ ও অংশগ্রহণে সরডাঙ্গা এলাকাজুড়ে এখন উৎসবের আবহ স্পষ্ট। এই উৎসবকে কেন্দ্র করে আনন্দ ও সম্প্রীতির এক সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে এলাকায়।







