
খণ্ডঘোষ :-শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি পক্ষ উপলক্ষে খণ্ডঘোষের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক, সমাজসেবী ও রাজনৈতিক কর্মী মৃত্যুঞ্জয় চন্দ্র।
অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয় প্রাঙ্গণে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।প্রধান অতিথির বক্তব্যে মৃত্যুঞ্জয় চন্দ্র নিজের ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়েই তাঁর শিক্ষাজীবন অতিবাহিত হয়েছে।
২০০২ সালে মাধ্যমিক এবং ২০০৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় তিনি এই বিদ্যালয় থেকেই উত্তীর্ণ হন। দীর্ঘদিন পর নিজের প্রিয় বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সুযোগ পেয়ে তিনি গর্ব ও আবেগ প্রকাশ করেন।ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শ, দেশপ্রেম, শিক্ষাচিন্তা এবং জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, সৎ, শৃঙ্খলাপরায়ণ, চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।
মৃত্যুঞ্জয় চন্দ্র,তিনি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান, নৈতিক মূল্যবোধ এবং জাতীয় চেতনার বিকাশেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজনীয়তার কথা বলেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও নিজের সাধ্য অনুযায়ী সর্বদা পাশে থাকার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মণ্ডল, প্রবীণ শিক্ষক প্রণবেশ হাটি, নারায়ণ চন্দ্র রায়, নরেন চ্যাটার্জী, সুমন্ত চৌধুরী, আসিফ জামাল-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে শিক্ষার্থীরাও ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখে। অনুষ্ঠানের শেষে প্রধান শিক্ষক মহাশয় অনুপ কুমার মণ্ডল সকল অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।আলোচনা সভা, স্মৃতিচারণ, শিক্ষার্থীদের বক্তব্য এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি পক্ষের অনুষ্ঠানটি সুষ্ঠু ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়।












