নিজস্ব সংবাদদাতা:- সারা দেশের সঙ্গে বুধবার, ১ জুলাই থেকেই পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’ (Vikshit Bharat Gramin Rozgar Abhiyan বা VB-G RAM-G)। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই নতুন প্রকল্পে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন (মনরেগা)-এর পরিবর্তে Vikshit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) বা VB-G RAM-G কার্যকর করা হচ্ছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব রাখা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতায় ২.৫৬ কোটি জব কার্ডধারী উপকৃত হবেন। প্রকল্পের মোট ব্যয়ের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্র সরকার এবং ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার।
প্রথম অর্থবর্ষে এই প্রকল্পে কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ৮,৫০৮ কোটি টাকা, আর রাজ্যের ব্যয় ৫,৬৭২ কোটি টাকা। সব মিলিয়ে ১৪ হাজার কোটিরও বেশি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ অর্থ কর্মীদের মজুরি প্রদানে এবং বাকি ৪০ শতাংশ কাজের উপকরণ ক্রয়ে ব্যয় করা হবে।
উল্লেখ্য, এই নতুন আইনটি সংসদে পাশ হওয়ার সময় বিরোধী দলগুলির একাংশ আপত্তি জানিয়েছিল। তবে বর্তমানে আইন কার্যকর হওয়ায় ১ জুলাই থেকেই রাজ্যে প্রকল্পের বাস্তবায়ন শুরু হচ্ছে।








