কৃষ্ণ সাহা, খণ্ডঘোষ:- আজ থেকে শুরু হয়েছে অম্বুবাচী। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ঐতিহ্যবাহী বোঁয়াইচণ্ডী মন্দিরে বাৎসরিক বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী মায়ের দর্শন ও পূজা দিতে এখানে সমবেত হচ্ছেন। অম্বুবাচীর এই চার দিন মন্দির চত্বরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

ভক্তদের সুবিধা এবং মন্দির চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বোঁয়াইচণ্ডী বিজেপি কার্যালয়ের পক্ষ থেকে একটি স্বচ্ছতা অভিযান পরিচালিত হয়। মন্দির সংলগ্ন এলাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার লক্ষ্যে দলের কর্মী-সমর্থকেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির উদ্যোগ নেন বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা শ্যামাপ্রসাদ রায়।
উপস্থিত ছিলেন ৪ নম্বর মণ্ডলের সম্পাদক কৌশিক মণ্ডল এবং ৪ নম্বর মণ্ডলের যুব সভাপতি পলাশ হাজরাসহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকরা। উদ্যোক্তাদের বক্তব্য, অম্বুবাচী উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী কয়েক দিন ধরে মন্দিরে ভক্তদের সমাগম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।












