বলরাম সাহা, রায়না :- পশ্চিমবঙ্গে নতুন সরকারের উদ্যোগে শুরু হলো জনকল্যাণ শিবির কর্মসূচি। ভোটের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে। ইতিমধ্যেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের মতো পরিষেবা চালু হয়েছে বলে জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ, ১৫ জুন থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবির। এই শিবিরের মাধ্যমে সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা একই ছাদের তলায় পাওয়ার সুযোগ মিলবে সাধারণ মানুষের। আগামী ১৭ জুন পর্যন্ত, অর্থাৎ টানা তিন দিন ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। রায়না ১ নম্বর ব্লকে দুটি শিবিরের আয়োজন করা হয়েছে। একটি কিষাণ মান্ডিতে এবং অপরটি শ্যামসুন্দর বিডিও অফিস সংলগ্ন মহিলা মহাসঙ্গে। রায়না ১ ব্লকের শিবিরের শুভ উদ্বোধন করেন বিধায়ক সুভাষ পাত্র। উপস্থিত ছিলেন রায়না ১ ব্লকের জয়েন্ট বিডিও অনিরুদ্ধ সাহা, রায়না থানার ওসি নিমাই ঘোষ-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

অন্যদিকে, রায়না ২ নম্বর ব্লকের আলমপুর কিষাণ মান্ডি এবং কাইতি পঞ্চায়েত এলাকাতেও দুটি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ পাত্র এবং রায়না ২ ব্লকের বিডিও সাহিদ আলি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত আবেদন, পরিষেবা গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ থাকবে। ফলে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।







