খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান: কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে আত্মা (ATMA) প্রকল্পের উদ্যোগে একটি কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তোরকোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ শিবিরে এলাকার কৃষকদের বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, ফসলের উৎপাদন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য রক্ষা, সুষম সার ব্যবহারের গুরুত্ব, কীটপতঙ্গ ও রোগ দমন, জল সংরক্ষণ এবং কৃষিক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষজ্ঞ কৃষি আধিকারিকরা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাঠ পর্যায়ে চাষাবাদের নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে কৃষকদের উন্নতমানের বীজ, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার এবং ফসলের বহুমুখীকরণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষিকে আরও লাভজনক করে তোলার জন্য সরকারের বিভিন্ন সহায়ক প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তাদের নতুন প্রযুক্তি ও আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে জানতে সাহায্য করে। ফলে উৎপাদন বৃদ্ধি ও কৃষিকাজে সাফল্য অর্জনের ক্ষেত্রে তারা উপকৃত হন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসারের লক্ষ্যেই এই ধরনের প্রশিক্ষণ শিবির নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।
এতে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষির সামগ্রিক উন্নয়নও সম্ভব হবে। উপস্থিত ছিলেন,এডিএ শুভময় ঘোষ,বর্ধমান সদর সহ কৃষি অধিকর্তা অনিতা রায়চৌধুরী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ সভানেত্রী শম্পা মাথুর সহ বিশিষ্ট জনেরা।












