বর্ধমান, ১০ জুন: তীব্র গরম ও দাবদাহের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করা ট্রাফিক পুলিশ কর্মীদের পাশে দাঁড়াল বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি। বুধবার সমিতির পক্ষ থেকে শহরের বিভিন্ন ট্রাফিক গার্ডে কর্মরত পুলিশকর্মীদের হাতে ছাতা, জলের বোতল এবং ওআরএস (ওরাল রিহাইড্রেশন সলিউশন) তুলে দেওয়া হয়।

সমিতির সদস্যরা জানান, প্রচণ্ড গরমের মধ্যেও ট্রাফিক পুলিশরা নিরলসভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পদাধিকারী ও সদস্যরা। তাঁরা ট্রাফিক কর্মীদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন।
ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বর্তমান আবহাওয়ায় দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হয় ট্রাফিক কর্মীদের। এমন পরিস্থিতিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই ধরনের সহযোগিতা আমাদের কর্মীদের উৎসাহিত করে। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির এই মানবিক উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ”।
এই উদ্যোগকে ঘিরে ট্রাফিক পুলিশ কর্মীদের মধ্যেও উৎসাহ দেখা যায়। ব্যবসায়ী সমিতির সদস্যদের এই সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেছেন উপস্থিত সাধারণ মানুষও। গরমের সময়ে কর্তব্যরত পুলিশকর্মীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করছে।










