নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: উনিশে জ্যৈষ্ঠে বাবা লোকনাথ ব্রহ্মচারী-এর তিরোধান দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের বলিয়ারপুরে অবস্থিত তারা বাম সেবাশ্রমের মূলকেন্দ্রে অনুষ্ঠিত হলো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। প্রতিবছর এই উপলক্ষে বাৎসরিক পূজার আয়োজন করা হলেও, চলতি বছরে অনুষ্ঠানটি আরও বৃহৎ পরিসরে ও বিশেষভাবে উদযাপন করা হয়।

এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লোকনাথ বাবা ও মা তারার মূর্তি প্রতিষ্ঠা এবং মায়ের চরণ স্থাপন। সকাল থেকেই শুরু হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। মা তারার মূর্তি নিয়ে সারা গ্রাম পরিক্রমার মাধ্যমে ভক্তদের মধ্যে ভক্তি ও ধর্মীয় আবেগের সঞ্চার হয়। পরে যথাযথ বিধি মেনে সম্পন্ন হয় ঘর আনয়ন, পূজা-পাঠ, হোম-যজ্ঞ সহ একাধিক আধ্যাত্মিক কর্মসূচি।
অনুষ্ঠানে অংশ নেন এলাকার বহু ভক্ত ও সাধারণ মানুষ। আয়োজকদের পক্ষ থেকে অগণিত মানুষের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রাত্রিকালীন সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় পালা কীর্তন, যা উপস্থিত দর্শকদের মন জয় করে।
আশ্রমের প্রতিষ্ঠাতা মাতৃ সাধক শ্রী হিরন্ময় শাস্ত্রী জানান, তাঁদের আশ্রমের মূল মন্ত্র “মানব সেবায় পরম ধর্ম”। এই আদর্শকে সামনে রেখেই প্রতিবছর বিভিন্ন ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শুধু পূজা-পার্বণ নয়, আশ্রমের উদ্যোগে সারা বছর ধরেই বিভিন্ন ধরনের দান-ধ্যান ও মানবকল্যাণমূলক কাজ পরিচালিত হয়ে থাকে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক দায়বদ্ধতা এবং মানবসেবার বার্তা নিয়ে এদিনের এই বিশেষ অনুষ্ঠান বলিয়ারপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে এক স্মরণীয় অধ্যায় হয়ে উঠেছে।











