বলরাম সাহা, রায়না:- একসময় পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার হিজলনা অঞ্চলকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবেই মনে করা হতো। নির্বাচনে তৃণমূলের জয় যেন ছিল হিজলনা অঞ্চলের পরিচিত ছবি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই চিত্রে বড়সড় পরিবর্তন এসেছে বলে দাবি বিজেপির। রবিবার হিজলনা অঞ্চলের বাঁদগাছা এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রভাত মালিক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

বিজেপির দাবি, এবারের নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন পদ্মফুলের দিকেই গেছে। বিজয় মিছিলে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বিজেপি কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে বাঁদগাছা এলাকা। ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রভাত মালিক জানান, “হিজলনা অঞ্চল দীর্ঘদিন তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু মানুষের মন পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে বিজেপির পাশে দাঁড়িয়েছেন। বিজয় মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই বার্তাই দিচ্ছে।”











