কৃষ্ণ সাহা, রায়না:- রায়না এক ব্লকের বোকড়া বাজার এলাকার একটি হলে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র প্রশিক্ষণ শিবির। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য এসএফডি প্রমুখ ঋত্বিক কেশ, জেলা সংযোজক পবিত্র কড়, জেলা এসএফএস সহ প্রমুখ রাকেশ মণ্ডল, রায়না নগরের দায়িত্বপ্রাপ্ত দীপ গুহ-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভা থেকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্যামসুন্দর কলেজের প্রতিটি ছাত্রছাত্রীর পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। পড়ুয়াদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনের তরফে সবরকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের এবিভিপির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।সংগঠনের সদস্যরা জানান, ইতিমধ্যেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে।
কলেজ বা রায়না নগর এলাকার কোনও ছাত্রছাত্রী সমস্যায় পড়লে সেই গ্রুপের মাধ্যমে সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সংগঠনের কাজেও অংশগ্রহণ করতে পারবেন। এদিনের সভা থেকে আগামী দিনে রায়না বিধানসভা জুড়ে এই ছাত্র সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়।








