কেক কাটা কিংবা আলোর রোশনাই নয়, বরং এক মানবিক আবহে পালিত হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। নেত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কোনো উৎসবের বহর নয়, বরং সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে গেলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শাহাবুদ্দিন মন্ডল (পাঞ্জাব)।
জামালপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০টি পরিবারের সদ্যোজাত শিশুদের জন্য বিশেষ উপহারের ডালি নিয়ে হাজির হন শাহাবুদ্দিন বাবু। মায়েদের হাতে তুলে দেওয়া হয়: শিশুদের জন্য আরামদায়ক বিছানা ও মশারি। শীতের হাত থেকে বাঁচতে বিশেষ শীতবস্ত্র। উৎসবের আবহে পরিবারের জন্য মিষ্টির প্যাকেট।
কেবল উপহার সামগ্রীই নয়, এদিন শাহাবুদ্দিন মন্ডল মায়েদের হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের লড়াই ও উন্নয়নের খতিয়ান সম্বলিত ‘উন্নয়ন পাঁচালী’। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি কীভাবে সাধারণ মানুষের জীবন বদলে দিয়েছে, সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য।
এলাকার জনপ্রিয় নেতা শাহাবুদ্দিন মন্ডল (পাঞ্জাব) জানান, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের কাজ করার শিক্ষা দেন। তাই আলোকসজ্জা বা কেক কেটে উৎসব না করে, আমরা চেয়েছি নতুন প্রাণদের পাশে দাঁড়িয়ে নেত্রীর জন্মদিনকে সার্থক করতে। তাঁদের আশীর্বাদই আমাদের নেত্রীর পাথেয়।” এলাকার বাসিন্দারা শাহাবুদ্দিন মন্ডলের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং সেবার মাধ্যমেই প্রিয় নেত্রীর জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।








