নতুন বছরের শুরুতেই রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য ফের এক বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবারও চালু হতে চলেছে রাজ্য সরকারের জনপ্রিয় ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল বিতরণ কর্মসূচি। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রকল্পের আওতায় পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে ছাত্রছাত্রীদের শিক্ষার সুবিধা ও স্কুলমুখী করতে একের পর এক জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুলের পোশাক, জুতো, বই-খাতা দেওয়ার পাশাপাশি সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল প্রদান বহু পড়ুয়ার কাছে শিক্ষায় পৌঁছনোর পথকে আরও সহজ করে তুলেছে। নতুন শিক্ষাবর্ষে সেই প্রকল্পের আওতায় ফের সাইকেল পেতে চলেছে পড়ুয়ারা।
রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এবছর সবুজ সাথী প্রকল্পে প্রায় ১২ লক্ষ পড়ুয়া উপকৃত হবে। মূলত নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এই সাইকেল পাবে। আগামী মাস থেকেই ধাপে ধাপে সাইকেল বিতরণের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম বলেন, “সবুজ সাথী প্রকল্প শুধু একটি সাইকেল দেওয়ার কর্মসূচি নয়, এটি পড়ুয়াদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ সহায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, সবুজ সাথী তার উজ্জ্বল উদাহরণ। এই প্রকল্পের ফলে গ্রাম ও প্রত্যন্ত এলাকার বহু পড়ুয়া নিয়মিত স্কুলমুখী হচ্ছে”।
রাজ্য সরকারের এই উদ্যোগে পড়াশোনার ক্ষেত্রে দূরত্ব ও আর্থিক সমস্যার বাধা অনেকটাই দূর হবে বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ।








