দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক ব্যবসায়ী। শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর এলাকায় অবস্থিত মা দুর্গা মুড়ি মিল-এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।
মিল মালিক মধুসূদন সর্বাধিকারী জানান, অফিস ঘরে রাখা নগদ অর্থসহ ক্যাশ বাক্সটি হঠাৎই উধাও হয়ে যায়। ওই ক্যাশ বাক্সে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নগদ ছিল বলে তাঁর দাবি। ব্যবসায়িক লেনদেন ও বিভিন্ন পরিশোধের জন্যই ওই অর্থ রাখা হয়েছিল। মুহূর্তের মধ্যে এত বড় অঙ্কের টাকা খোয়া যাওয়ায় মাথায় হাত পড়েছে মিল মালিকের।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মিলের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরা বিকল থাকার সুযোগই নিয়েছে চোর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সরজমিনে তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চুরি যাওয়া অর্থ দ্রুত উদ্ধার করার আশায় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মিল মালিক। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য!








