দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। শুক্রবার বিহারের এই কিশোর ক্রিকেটার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ গ্রহণ করেন। তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তাঁর। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আরও এক বড় স্বীকৃতি পেলেন বৈভব—এ বার জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে এই সিরিজে খেলতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে যুব দলকে নেতৃত্ব দেবেন বৈভব। ৪ জানুয়ারি থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্ব হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে। সেই কারণেই বিহারের এই তরুণ ওপেনারের কাঁধে তুলে দেওয়া হয়েছে বড় দায়িত্ব।
তবে বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করবেন আয়ুষ মাত্রেই—এ কথা জানিয়েছে বিসিসিআই। চোটের জন্য আয়ুষের পাশাপাশি সহ-অধিনায়ক বিহান মলহোত্রাও এই মুহূর্তে মাঠের বাইরে। দু’জনেই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করবেন এবং সুস্থ হয়ে বিশ্বকাপ দলে যোগ দেবেন। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে নেতৃত্ব দিলেও বিশ্বকাপে বৈভবকে অধিনায়ক হিসেবে দেখা যাবে না। উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
এর আগে যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বৈভব। সেই ম্যাচের পর একটি হাফ-সেঞ্চুরি ছাড়া ধারাবাহিক বড় রান না পেলেও ফাইনালে আক্রমণাত্মক শুরু করেছিলেন তিনি। যদিও দ্রুত আউট হয়ে যান এবং শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। দেশে ফিরে আবার ব্যাটে ঝড় তোলেন বৈভব। বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৮৪ বলে খেলা সেই ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা—বাউন্ডারি থেকেই আসে ১৫৪ রান।
দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিশেষ সম্মান গ্রহণের পর এখন তাঁর পুরো মনোযোগ দক্ষিণ আফ্রিকা সিরিজে। ৩০ ডিসেম্বর যুব দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন বাঁহাতি ওপেনার। আয়ুষ ও বিহানের অনুপস্থিতিতে এই সফর বৈভবের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। এখন দেখার, তাঁর নেতৃত্বে যুব ভারতীয় দল কতটা সফল হয়।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দল:
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল, রাহুল কুমার।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল:
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান সিংহ, উদ্ধব মোহন।












