নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ থানার বাঁকুড়া মোড়ে রবিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের! ব্যাটারি চালিত স্কুটি নিয়ে নিজের দোকানে যাওয়ার সময় বেপরোয়া ১০ চাকা লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
জানা যায়, মৃতের নাম ধনঞ্জয় নায়েক (৬৫)। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও তিনি বাড়ি থেকে ব্যাটারি চালিত স্কুটি নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দেন। বাঁকুড়া মোড়ে পৌঁছতেই বর্ধমানের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ১০ চাকা লরি তাঁকে সোজা ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগ, লরিটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধনঞ্জয় নায়েকের ওপর দিয়ে গাড়ি তুলে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেমপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।
দুর্ঘটনার পর ঘাতক লরিটি এলাকা ছাড়তে পারেনি। স্থানীয়দের তৎপরতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপে লরিটি আটক করা হয়েছে। খণ্ডঘোষ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লরি চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








