বর্ধমান, ২৪ মার্চ: বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বর্ধমান শহরের মল্লিকপুকুর এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং বয়স্ক মহিলারা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচিতে উপস্থিত সকলকে যক্ষ্মা রোগ সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়। যক্ষ্মার লক্ষণ, প্রতিরোধ এবং আক্রান্ত হলে কী করণীয়—এসব বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সময়মতো চিকিৎসা ও সঠিক সচেতনতার মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য।
অনুষ্ঠানের শেষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। সঠিক উত্তরদাতাদের উৎসাহ দিতে উপহার হিসেবে কলম প্রদান করা হয়।
সোসাইটির সম্পাদক জানান, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা এবং দ্রুত চিকিৎসার গুরুত্ব বোঝানোই তাদের মূল লক্ষ্য।







