পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার আংশিক সমাধান মিলল। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে এলাকায় একটি নতুন টাইম কল বসানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, এলাকায় চাপকল থাকলেও নিয়মিত পরিষ্কার-পরিচর্যার অভাবে সেখান থেকে নোংরা জল বেরোত, যা পানীয় হিসেবে ব্যবহারযোগ্য ছিল না। পাশাপাশি পর্যাপ্ত টাইম কলের অভাবে বহু মানুষকে দূরবর্তী এলাকা থেকে জল সংগ্রহ করতে হতো। ফলে দৈনন্দিন জীবনে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন তাঁরা।
এই প্রেক্ষিতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে গিয়ে কয়েকজন বাসিন্দা টাইম কল স্থাপনের দাবি জানান। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মেমারি পৌরসভা। গতকাল এলাকায় নতুন টাইম কল বসানোর কাজ সম্পন্ন হয় এবং আজ সকাল থেকেই সেখান থেকে জল সংগ্রহ শুরু করেছেন বাসিন্দারা।
যদিও সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, এখনও কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, তবুও বাড়ির কাছেই টাইম কল বসানোয় স্বস্তি ফিরে এসেছে পূর্বপাড়ায়। এলাকাবাসীরা রাজ্য সরকার ও পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।







