দক্ষিণ দামোদর অঞ্চলের ঐতিহ্যবাহী সেহারা বাজার উৎসব ২০২৬ শুরু হতে চলেছে আগামী ৬ জানুয়ারি থেকে। প্রতি বছরের মতো এবছরও সেহারা বাজার কৃষি ও বইমেলার আয়োজন করা হয়েছে। মেলা কমিটির তরফে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অতিথি শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা, যা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মেলা কমিটির ঘোষণা অনুযায়ী, উদ্বোধনী দিন ৬ জানুয়ারি মঞ্চে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৭ জানুয়ারি সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী উর্নিতা কাঞ্জিলাল।
৮ জানুয়ারি সারেগামাপা খ্যাত সংগীত শিল্পী আবদুল শেখ দর্শকদের মন জয় করবেন। ৯ জানুয়ারি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ান’-এর পূজারিণী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রত্নপ্রিয়া মেলায় উপস্থিত থাকবেন। ১০ জানুয়ারি দর্শকদের আনন্দ দেবেন বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা রজতাভ দত্ত। ১১ জানুয়ারি মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রানা। এছাড়াও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা। সেহারা বাজার কৃষি ও বইমেলায় প্রতিবছরই থাকে বিশেষ আকর্ষণ। এবছরও সেই ধারা বজায় রেখে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের উপস্থিতিকে মেলার অন্যতম বড় চমক হিসেবে তুলে ধরছেন আয়োজকরা।
মেলা প্রসঙ্গে সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরঞ্জয় সরকার বলেন, “এই মেলা আমাদের এলাকার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি, বই ও সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে গ্রামীণ প্রতিভা ও লোকসংস্কৃতিকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রতিবছর এই মেলা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। এবছরও দর্শকদের জন্য একাধিক নতুন চমকের আয়োজন করা হয়েছে”।
মেলা চলাকালীন কৃষিজ পণ্য, বই, হস্তশিল্পের স্টলের পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের আশা, এবছরও বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে সেহারা বাজার উৎসব হয়ে উঠবে এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবের মেলবন্ধন।








