উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : চুরির অপবাদ দিয়ে এক নাবালককে বেধড়ক মারধরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার রাতে এই চূড়ান্ত অমানবিক ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কেল্লা এলাকার অম্বিকানগর বাজারে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতেওই বাজারে বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিল বছর ষোলোর ওই নাবালক।
সেখানেই তাকে চুরির অপবাদ দিয়ে কিছু লোকজন বেধড়ক মারধর করে। আইনুল গায়েন নামে এক ব্যবসায়ীর দর্জির মেশিনপত্রের দোকানে সে চুরি করে বলে অভিযোগ। তার জেরে হাত-পা বেঁধে রেখে বেল্ট দিয়ে মারা হয়। মারতে মারতে স্থানীয় একটি মাঠে ওই নাবালককে ছোটানো হয় বলেও অভিযোগ উঠেছে।
নাবালককে মারধোরের সেই ভিডিও রিল বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় সমাজ মাধ্যমে। পরে পুলিশ এসে নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।ওই রাতেই এ ব্যাপারে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন ঐ নাবালকের বাবা মা। তাদের দাবি, মিথ্যা অপবাদ দিয়ে অকারণে ছেলেকে এইভাবে মারধর করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানান তারা। পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। আর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।







