শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো কাটোয়া পৌর সম্প্রীতি মেলা ২০২৬। কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তন প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী-এ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী, কাটোয়ার মহকুমাশাসক অনির্বান বসু, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এবারের মেলায় মোট ৬০টি স্টল রয়েছে। স্টলগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করছে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, এতদিন কাটোয়ায় জেলা সবেলা মেলা অনুষ্ঠিত হতো। কিন্তু চলতি বছরে সেই মেলা না হওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা আক্ষেপ ছিল। সেই অভাব পূরণ করতেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগ ও চাহিদার কথা মাথায় রেখে পৌর সম্প্রীতি মেলার আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই মেলা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আয়োজকদের পক্ষ থেকে সকলকে মেলায় এসে কেনাকাটা করার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানানো হয়েছে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই পৌর সম্প্রীতি মেলা।








