প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কিংবদন্তি ফুটবলার তথা প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট তৃণমূলের জেলা পার্টি অফিসে আয়োজিত এক কর্মসূচিতে তাঁর আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। তাঁর সঙ্গেই দলে যোগ দেন বসিরহাটের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথী বোস ও কংগ্রেস নেতা কাদের সরদার।
প্রসঙ্গত, ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে বিজেপির শমীক ভট্টাচার্য-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন দীপেন্দু বিশ্বাস। সেই নির্বাচনে পরাজিত হলেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে একই আসনে জয়ী হন তিনি। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। পরে ২০২২ সালে বিজেপি থেকে পদত্যাগ করেন। দীর্ঘ চার বছর পর রবিবার ফের তৃণমূলে প্রত্যাবর্তন করলেন তিনি।
এদিন তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দেন বসিরহাটের কংগ্রেস নেতা কাদের সরদার এবং একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পার্থ সারথী বোস-ও।
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হতেই এই যোগদান। তাঁর কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রেখেই অনেকেই আবার তৃণমূলে ফিরে আসছেন।







