সেখ সামসুদ্দিন, ১ মার্চঃ পূর্ব বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি মাডোয়া ও বাবা সাহেব আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে কালনা ২ ব্লকের নোয়ারা গ্রামের আদিবাসী সাহিত্যিক ও নাট্যকার যিনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন সেই রবিলাল টুডুকে সম্বর্ধনা দেওয়া হয়। মেমারি নুদিপুর মোড়ে বাবা সাহেবের মূর্তির পাদদেশে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্বর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সুশীল মুর্মু, সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, পূর্ব বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি মাডোয়ার গডেত সত্যনারায়ণ মুর্মু, মাঝি বাবা মঙ্গল সরেন সহ আউশগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাইকে বাবা, মুলুক, মাঝি পারগানাগণ।
এদিন বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করেন পদ্মশ্রী প্রাপক রবিলাল টুডু, জেলা গডেত সত্যনারায়ণ মুর্মু, ডাঃ সুশীল মুর্মু ও নিত্যানন্দ ব্যানার্জী এবং উপস্থিত সকলে বাবা সাহেবের পাদদেশে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।







