আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের মুখে মেমারিতে তৃণমূলের অন্দরে পোস্টার বিতর্ক! ব্লক সভাপতি, পৌরপিতা ও বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব ‘তৃণমূল বাঁচাও কমিটি’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিধানসভা নির্বাচন সামনে। রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল যখন সাংগঠনিক প্রস্তুতি ও প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময় পূর্ব বর্ধমানের মেমারিতে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রকাশ্যে এল পোস্টার বিতর্ক। শহর ও ব্লকের বিভিন্ন এলাকায় শাসকদলের বিরুদ্ধেই পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

‘তৃণমূল বাঁচাও কমিটি’ নামে একটি সংগঠনের ব্যানারে টাঙানো পোস্টারে মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি পৌরপিতা স্বপন বিষয়ী এবং মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। পোস্টারে উল্লিখিত বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কাছে ‘জবাবদিহি’র দাবি জানানো হয়েছে।

পোস্টারে যে সব অভিযোগ উত্থাপিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য—
মেমারি ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের কাজ নাকি টেন্ডার ছাড়াই বণ্টন করা হয়েছে—কেন?
আবাসন প্রকল্পে প্রতি ঘরে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ।বেআইনি বালিখাদ চালু ও কমিশন সংক্রান্ত প্রশ্ন।
পালসিট টোল প্লাজা ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ।পৌরসভার সংলগ্ন চেকপোস্ট এলাকায় ঘর বিক্রি সংক্রান্ত আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।
বিভিন্ন বাজার ও মোড় সংলগ্ন দোকানঘর বিক্রির অর্থের হিসাব নিয়ে জবাবদিহির দাবি।

ব্যক্তিগত সম্পত্তি ও আর্থিক লেনদেন নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে।তবে পোস্টারে উল্লিখিত অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত নেতাদের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচন পূর্ববর্তী সময়ে এ ধরনের পোস্টার বিতর্ক শাসকদলের অন্দরের অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে। বিরোধী দলগুলি অবশ্য ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করতে শুরু করেছে।এখন দেখার, দলীয় শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় কী অবস্থান নেয় এবং অভিযোগগুলির বিষয়ে কোনও প্রশাসনিক বা সাংগঠনিক পদক্ষেপ করা হয় কি না।

ভোটের আগে মেমারির এই পোস্টার-রাজনীতি স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল।মেমারি ১ ব্লক তৃণমূল সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি ওরফে নিতাই ব্যানার্জি পোস্টার বিতর্ক প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রাজনৈতিক অঙ্গনে এ ধরনের তরজা নতুন নয়।

See also  জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তীব্র মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

নির্বাচন ঘনিয়ে এলে বিভিন্নভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের বদনাম করার চেষ্টা হয়—এটা দীর্ঘদিনের অভ্যাস বলেই তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, “আমি গাছ চুরি করি কিনা, বালি চুরি করি কিনা, মাটি চুরি করি কিনা—সবটাই মেমারির মানুষ জানেন। মানুষের সঙ্গে আমার সম্পর্কই তার প্রমাণ”। তাঁর বক্তব্য, জনসমর্থনই প্রকৃত মূল্যায়নের মানদণ্ড।

‘তৃণমূল বাঁচাও কমিটি’ নাম ব্যবহার করে পোস্টার টাঙানোর ঘটনায় তিনি সন্দেহ প্রকাশ করেন। তাঁর মতে, তৃণমূল বাঁচাও কমিটির নামে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার দেওয়া যুক্তিযুক্ত নয়। “এটা তৃণমূলের কেউ করেছে বলে আমার মনে হয় না,” বলেন তিনি।
সমগ্র ঘটনাকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দেখছেন নিত্যানন্দ ব্যানার্জি।

তাঁর কথায়, এসবের জবাব শেষ পর্যন্ত মানুষই দেবেন।মেমারির পোস্টার বিতর্ক ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির মুখপাত্র শান্তরুপ দে। তিনি দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনই তৃণমূল কংগ্রেসের শেষ নির্বাচন হতে চলেছে।তাঁর বক্তব্য, বর্তমান শাসনব্যবস্থায় রাজ্যের সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি।

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে এক ধরনের স্বৈরাচারী শাসন চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ নিজেদের বঞ্চিত ও ক্ষুব্ধ বলে মনে করছেন। রাজনৈতিক মতভেদ থাকলেও রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেই তাঁর দাবি।বিজেপি মুখপাত্রের কথায়, “প্রতিবাদের ভাষা আলাদা হতে পারে, কিন্তু ক্ষোভের কেন্দ্র একটাই—তৃণমূল কংগ্রেস।” তাঁর দাবি, আগামী নির্বাচনে জনতাই গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবে এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তন আসবে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি