বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ পড়ায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়াল বসিরহাট উত্তর বিধানসভা এলাকায়। অভিযোগ, পাশাপাশি দুটি বুথে ব্যাপক সংখ্যক ভোটারের নাম ডিলিট হয়ে যাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।

ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা এলাকার ২ নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি এলাকার ২ নম্বর বুথ এবং পার্শ্ববর্তী বড়গোবরা এলাকার ৩ নম্বর বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বুথ থেকে ১৪২ জন এবং অন্য বুথ থেকে ২৫৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
এর জেরে ক্ষুব্ধ ভোটাররা রাস্তায় নেমে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে, না হলে এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এলাকার বাসিন্দারা জানান, নাম পুনরুদ্ধার করা যাবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে তাঁরা ব্লক লেভেল অফিসারের (বিএলও) দ্বারস্থ হলেও স্পষ্ট আশ্বাস পাননি বলে অভিযোগ।
এ বিষয়ে স্থানীয় বিএলও জানান, ২ নম্বর বুথে মোট ৯১০ জন ভোটারের মধ্যে ২১২ জনের নাম বিচারাধীন ছিল, যার মধ্যে ১৪২ জনের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ গিয়েছে। তাঁদের ক্ষেত্রে ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হতে পারে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বসিরহাটের বিভিন্ন এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও আবার প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ, এমন ঘটনায় ক্রমেই চড়ছে পারদ। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও তা মানতে নারাজ সাধারণ মানুষ।







