নরেন্দ্রপুর: ভোটের আবহে আবার গুলির শব্দে উত্তপ্ত হলো নরেন্দ্রপুরের বোড়াল এলাকা। প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের লিচুতলা এলাকায়।

গুরুতর জখম এক যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।তবে এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল লিচুতলা এলাকায় এই গুলিচালনার ঘটনা ঘটে। অভিযোগ, পুরনো শত্রুভাব জেরেই সিদ্ধার্থ দাস নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত অরিজিৎ কর্মকার ওরফে সানি।
সিদ্ধার্থ বোড়াল বাদামতলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনার সময় প্রকাশ্যে গুলি চালানো হলে একটি গুলি সিদ্ধার্থের পেটের বাঁ দিকে লাগে।গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার ও সেখানে চিকিৎসাধীন সে।অবস্থা আশঙ্কাজনক।
আর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রামচন্দ্রপুর এলাকা থেকে অভিযুক্ত অরিজিৎ কর্মকারকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এলাকায় দুষ্কৃতি হিসেবেই পরিচিত এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। তবে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,অভিযুক্তকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। অস্ত্র উদ্ধারের পাশাপাশি হামলার পিছনে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা, তা জানতে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।আর এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ভোটের আগে প্রকাশ্য গুলিচালনার ঘটনায় নরেন্দ্রপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সকলকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।







