নববারাকপুর : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি… আমরা ভুলতে পারি না রক্তে রাঙানো ১৯৫২- র ২১শে ফেব্রুয়ারি এবং পরবর্তীতে মানভূমে ও কাছাড়ে বাঙালির কন্ঠরোধ করার এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে যারা পথে নেমে শহিদ হয়েছিলেন, তাঁদের স্বপ্ন আজও অধরা।
বাঙালির ভাষা-সংস্কৃতির গৌরবজ্বল ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে ‘ ২১শে ফেব্রুয়ারি’ আমাদের আজও দিশা দেখায়।২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ভাষা শহিদদের স্মরণে শনিবার সকালে নববারাকপুর ২১শে ফেব্রুয়ারি স্মরণমঞ্চের উদ্যোগে ২১শে-র বর্ণাঢ্য সুসজ্জিত প্রভাতফেরি আলোড়ন ফেলে দেয়।
স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তির পাদদেশ থেকে বর্নময় বর্ণাঢ্য ট্যাবলো সহ গানে কবিতায় কথায় প্রভাতফেরি শেষ হয় কৃষ্টি প্রাঙ্গণে ভাষা- শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্পণ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, কোঅপারেটিভ হোমস লিমিটেডের সচিব সুজিত চন্দ, সহ স্মরণমঞ্চের পক্ষে প্রেমানন্দ রায়, বিপ্লব চৌধুরী, সংগীত শিল্পী গৌতম মজুমদার, স্বপন চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি ও বিশিষ্ট গুনীজনেরা।







