বর্ধমান শহরের ৪ নম্বর ওয়ার্ডে পুনর্বাসন ছাড়াই বস্তি উচ্ছেদের অভিযোগ উঠতেই ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ Kirti Azad। এলাকায় গিয়ে তিনি বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে সাংসদ সরাসরি Eastern Railway–এর Howrah Division–এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন।
সাংসদ স্পষ্টভাবে জানান, রেলের প্রয়োজনে যদি কোনো উন্নয়নমূলক কাজ করতেই হয়, তবে বস্তিবাসীদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করেই তা করতে হবে। মানুষের মাথার ওপরের ছাদ কেড়ে নিয়ে উন্নয়ন সম্ভব নয়—মানবিকতা ও পুনর্বাসন নিশ্চিত করেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন তাঁরা। হঠাৎ করে উচ্ছেদের উদ্যোগে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বহু পরিবার। সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হলেও, পুনর্বাসন নিয়ে প্রশাসনের স্পষ্ট পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন বাসিন্দারা।







