দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে সামনে রেখে দু’একটি ট্রেন চালুর প্রচারে নেমেছে বিজেপি। এই প্রেক্ষিতেই বাংলায় রেলের প্রকৃত অবদানের ইতিহাস নতুন করে মনে করিয়ে দেওয়ার দাবি তুললেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম। তাঁর বক্তব্যে উঠে এল, বাংলায় রেল উন্নয়নের পথপ্রদর্শক হিসেবে প্রথমেই স্মরণযোগ্য প্রয়াত বরকত গণি খান চৌধুরী। তবে বাংলায় যে পূর্ণাঙ্গ রেলবিপ্লব ঘটেছে, তার নেপথ্যে রয়েছেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অপার্থিব ইসলাম বলেন, “আজ বিজেপি কয়েকটি ট্রেন চালু করাকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। অথচ মানুষ ভুলে যাননি— মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার প্রতিটি জেলায় রেল পরিকাঠামোর আমূল পরিবর্তন এনেছিলেন। নতুন ট্রেন, নতুন লাইন, নতুন রুটের পাশাপাশি বহু ঝুলে থাকা প্রকল্প বাস্তবায়িত হয়েছিল তাঁর উদ্যোগে”।
তিনি আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই বাংলার রেল যোগাযোগ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আরও দৃঢ় ও বিস্তৃত হয়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গ্রাম থেকে শহর— সর্বত্রই রেলের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অপার্থিব ইসলামের কথায়, “রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞ আজও রেকর্ড হয়ে আছে। সেই ইতিহাস আড়াল করে সাম্প্রতিক প্রচারে রাজনীতির স্বার্থসিদ্ধি করা হচ্ছে। এখন সময় এসেছে বাংলার মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার— রেলের প্রকৃত উন্নয়ন কাদের হাত ধরে হয়েছিল”।
এই মন্তব্যের মধ্য দিয়ে বিজেপির সাম্প্রতিক রেল-প্রচারের বিরুদ্ধে রাজনৈতিক তরজা আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।








