আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই কাটোয়ার একাধিক বিএলও-র মাথায় হাত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কাটোয়া: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই বিপাকে পড়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের একাধিক বুথ লেভেল অফিসার (বিএলও)। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র জাঁতাকলে পড়ে তাঁদের অনেকেই ভোটার তালিকায় ‘বিচারাধীন ভোটার’ হিসেবে চিহ্নিত হয়েছেন। ফলে শেষ পর্যন্ত তাঁরা ‘স্বচ্ছ ভোটার’ হিসেবে তালিকায় থাকতে পারবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিষয়টি ঘিরে কাটোয়ার রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এদিন দুপুর থেকেই কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসে ভিড় জমাতে থাকেন বহু মানুষ। কেউ নাম দেখে স্বস্তির হাসি নিয়ে ফিরেছেন, আবার কেউ নামের পাশে ‘অনুপস্থিত’, ‘তথ্য ভুল’ বা ‘বিচারাধীন’ উল্লেখ দেখে হতাশ হয়েছেন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, কয়েকজন বিএলও-র নামের পাশেও ‘বিচারাধীন’ উল্লেখ রয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কাটোয়া বিধানসভার ১২ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন আয়েশা খাতুন, পেশায় তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি জানান, প্রায় ৩৫০ জন ভোটারের শুনানি প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি। চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে ২৯৪ জনের নামের পাশে ‘বিচারাধীন’ এবং ২৮ জনের নামের পাশে ‘ডিলিট’ উল্লেখ রয়েছে। বাকি কয়েকজন ‘স্বচ্ছ ভোটার’ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে বিস্ময়ের বিষয়, তাঁর নিজের নামের পাশেও ‘বিচারাধীন’ লেখা রয়েছে। কেন এমন হল, তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি। তবে বিষয়টি নিয়ে যে তিনি উদ্বিগ্ন, তা স্বীকার করেছেন।

একই অভিজ্ঞতার মুখে পড়েছেন কাটোয়া বিধানসভার ১০ নম্বর বুথের বিএলও আতিয়ার রহমান। পেশায় শিক্ষক এই বিএলও জানান, তাঁর বুথে ২৬৮ জনের বেশি ভোটারের শুনানি হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় তাঁদের অনেকের নামের পাশেই ‘বিচারাধীন’ উল্লেখ রয়েছে। তাঁর অভিযোগ, যাঁদের ‘বিচারাধীন’ রাখা হয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের।

See also  ১০৪ বছর বয়সেও বৃদ্ধর জোটেনি বার্ধক্য ভাতা -ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে

অন্য কয়েকজন বিএলও-রও দাবি, একাধিক ভোটারের নাম ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাথমিক যাচাইয়ের ভিত্তিতেই এই চিহ্নিতকরণ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিলে সংশোধনের সুযোগ রয়েছে।

নির্বাচন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, আপাতত যাঁদের নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ রয়েছে, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জানালে এবং সঠিক নথি পেশ করলে পুনর্বিবেচনার সুযোগ থাকবে।

যদিও কমিশনের এই ব্যাখ্যা সত্ত্বেও সাধারণ মানুষের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের বক্তব্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আরও নিখুঁত তথ্য যাচাই ও স্বচ্ছতার প্রয়োজন ছিল। পুরো ঘটনাকে ঘিরে কাটোয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাপানউতোর অব্যাহত।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি