হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর এবার চড়া হারে টোল আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইরান। প্রথমে কিছু বন্ধু দেশকে ছাড় দেওয়ার ইঙ্গিত মিললেও এখন স্পষ্ট—সব দেশের জাহাজের ক্ষেত্রেই এই টোল প্রযোজ্য হতে চলেছে।

সূত্রের খবর, হরমুজ সংলগ্ন এলাকায় ভারতের পতাকাবাহী অন্তত ১৮টি জাহাজ আটকে রয়েছে। আরও প্রায় ১০টি জাহাজ পারস্য সাগর অঞ্চলে অপেক্ষমাণ। এর ফলে ভারতের জ্বালানি সরবরাহে বড়সড় প্রভাব পড়ছে। ইতিমধ্যে অপরিশোধিত তেল নিয়ে ভারতে পৌঁছেছে মাত্র চারটি জাহাজ, যা দেশের চাহিদার তুলনায় অনেক কম। সব মিলিয়ে প্রায় ৫০০ জাহাজ ওই অঞ্চলে আটকে রয়েছে বলে জানা গিয়েছে।
ইরান-ইজরায়েল সংঘাতের আবহেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে টোল আরোপের পাশাপাশি নতুন সামুদ্রিক প্রোটোকল, পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মও চালু করতে চলেছে তেহরান।
ওমান-এর সঙ্গে সমন্বয় রেখে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি আমেরিকা ও ইজরায়েল-এর জাহাজকে হরমুজ ব্যবহার করতে না দেওয়ার কথাও স্পষ্ট করেছে ইরান।
ইরানের পার্লামেন্টের নিরাপত্তা বিষয়ক কমিটি ইতিমধ্যেই এই পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।











