বাংলার ১২ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম দাবি করেছেন, সাম্প্রতিক এই মৃত্যুগুলির প্রায় ৯০ শতাংশ ঘটনাই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে গিয়ে বাঙালি শ্রমিকদের উপর একাধিক ক্ষেত্রে অমানবিক অত্যাচারের ঘটনা সামনে এসেছে। কোথাও গণপিটুনির শিকার হতে হয়েছে, কোথাও একাকী ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এমনকি রেললাইন থেকে দেহ উদ্ধারের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি জোরজুলুম করে টাকা ছিনতাইয়ের অভিযোগও রয়েছে বলে উল্লেখ করেন জেলা পরিষদের অধ্যক্ষ।
অপার্থিব ইসলাম বলেন, “যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির ভূমিকা প্রশ্নের মুখে।” তিনি আরও দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের প্রতি এক ধরনের বিরূপ মনোভাব কাজ করছে।
রাজনৈতিক সুর চড়িয়ে তিনি মন্তব্য করেন, “বাংলায় বিজেপি আর থাকবে না। হয়তো দু-একজন নেতা কোথাও আছেন, কিন্তু ২০২৬ সালের পর সেই অবস্থাও থাকবে না।” তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে।
যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের একাংশের দাবি, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া







