চলতি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করার ঘোষণায় খুশির হাওয়া রাজ্যজুড়ে। সমস্ত শ্রেণির মহিলাদের জন্য এই ভাতা বৃদ্ধি কার্যকর হওয়ায় আনন্দে আত্মহারা উপভোক্তারা।
এই আনন্দ উদ্যাপন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের চেহারা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাপ্রাপ্ত মহিলাদের নিয়ে আবির খেলায় মেতে ওঠেন এলাকার তৃণমূল কর্মী–সমর্থকরা। উৎসবের আবহে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেহারা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দনা কার্ফা, অঞ্চল সভাপতি সমীর সাঁই, পঞ্চায়েত প্রধান পুরনঞ্জয় সরকার, ব্লক কমিটির সদস্য শেখ মসরত আলি, অঞ্চল যুব সভাপতি তন্ময় সাঁই সহ সেহারা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েত সমিতির একাধিক প্রতিনিধিরা।
নেতৃত্ববৃন্দ জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক স্বনির্ভরতার পথ আরও সুগম করেছে। ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ মহিলারা আরও উপকৃত হবেন বলেই তাঁদের বিশ্বাস। এ বিষয়ে সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরনঞ্জয় সরকার বলেন, “বাজেট ঘোষণার দিনই কার্যত রাজ্যে বিধানসভার ভোট হয়ে গেছে। আজ আমরা বিজয় মিছিল করলাম। কারণ ২০২৬ সালেও দিদিই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন—আজ সেই বিজয়েরই আগাম উদ্যাপন হয়ে গেল।”
এদিনের এই উদ্যাপন কার্যত রূপ নেয় এক জন উৎসবে, যেখানে মহিলাদের উচ্ছ্বাসই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ।








