উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে এস আই আর-এর প্রতিবাদে বাইক মিছিল অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানের রায়না দুই ব্লকের গোতান অঞ্চলে। এই বাইক মিছিলের আয়োজন করে গোতান অঞ্চল তৃণমূল কংগ্রেস।
মিছিলের নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাহেব আলী খান। মিছিলটি শুরু হয় কামারহাটি দমদম মাঠ থেকে এবং শেষ হয় দামিন্যা কবিকঙ্কন মুকুন্দরাম মেলা মাঠে। মিছিল শেষে সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে গোতান অঞ্চলের প্রায় ২৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সাহেব আলী খানকে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করায় বিধায়ক ও ব্লক সভাপতি সংবর্ধনা দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধারা, রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈকত ঘোষ, আইএনটিটিইউসির ব্লক সভাপতি সেখ সরিফ-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী।
নেতৃত্বরা জানান, মানুষের স্বার্থে উন্নয়নের ধারাকে বজায় রেখেই আগামী নির্বাচনে জনসমর্থন আদায় করাই তাদের লক্ষ্য।








