ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একসঙ্গে বসে ইফতার,এমনই এক মানবিক ও সম্প্রীতির বার্তা তুলে ধরল পূর্ব বর্ধমানের সেহারা বাজার। রায়না এলাকার দারুন উলূম সেহারা বাজার মদিনা বাগে আয়োজিত হল এক আন্তরিক ইফতার পার্টি, যেখানে একসঙ্গে মিলিত হলেন বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের মানুষ।
এই ইফতার আয়োজনের উদ্যোগ নেন বিশিষ্ট সাংবাদিক মোল্লা সফিকুল ইসলাম। তাঁর উদ্যোগে এলাকার বহু মানুষ, সমাজসেবী ও সাংবাদিক একত্রিত হয়ে ইফতারের পাতে ভাগ করে নিলেন সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা।রোজা ভাঙার ঠিক আগে মদিনা বাগ চত্বরে তৈরি হয় এক অনন্য পরিবেশ। খেজুর, ফল, শরবত ও বিভিন্ন ইফতার সামগ্রী সাজিয়ে রাখা হয় সবার জন্য। আজানের ধ্বনি শোনা মাত্রই সবাই একসঙ্গে ইফতার শুরু করেন। ধর্মীয় আচার পালনের পাশাপাশি সেখানে দেখা যায় মিলনমেলার আবহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ের বিভাজনের রাজনীতির মাঝেও এমন আয়োজন মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
উদ্যোক্তা মোল্লা সফিকুল ইসলাম জানান, ইফতার শুধু ধর্মীয় আচার নয়, এটি ভাগ করে নেওয়ার এক মানবিক মুহূর্ত। সেই ভাবনা থেকেই সকলকে একসঙ্গে নিয়ে এই আয়োজন করা হয়েছে।সন্ধ্যার নরম আলো আর ইফতারের পাতে ভাগ করে নেওয়া হাসি,সব মিলিয়ে সেহারা বাজারের এই আয়োজন যেন আবারও মনে করিয়ে দিল, সম্প্রীতি ও মানবতার বন্ধনই সমাজকে এগিয়ে নিয়ে যায়।










