মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের আবহে বড়সড় ধাক্কা খেল ইরান। ইজরায়েলের হামলায় মৃত্যু হল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি-র। সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর কথা স্বীকার করেছে ইরান।

তেহরানের দাবি, গত সপ্তাহে ইজরায়েলের নিশানা করা অভিযানে গুরুতর আহত হন তাংসিরি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। যদিও এর আগে এই হামলার কথা প্রকাশ্যে এনেছিল ইজরায়েল, তবে এতদিন এ বিষয়ে মুখ খোলেনি ইরান।
ইজরায়েলের অভিযোগ ছিল, হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনার মূল কারিগর ছিলেন তাংসিরি। ২০১৮ সাল থেকে তিনি এই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের দায়িত্বে ছিলেন। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকে ঘিরেই দীর্ঘদিন ধরেই উত্তেজনা তৈরি হয়েছিল।
এই প্রেক্ষাপটে তাংসিরির মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল। উল্লেখ্য, তাঁর কৌশলেই হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছিল, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়াও ইজরায়েলি হামলায় ইরানের আরও একাধিক শীর্ষ আধিকারিকের মৃত্যুর খবর সামনে এসেছে। নিহতদের মধ্যে রয়েছেন নিরাপত্তা প্রধান আলি লারিজানি, গুপ্তচর মন্ত্রী ইসমাইল খাতিব এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি।
ক্রমশই তীব্র হচ্ছে সংঘাত, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের।











