উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ভাঙড় : বিধানসভা নির্বাচনের আগে ধারাবাহিক অভিযান চালাছে পুলিশ।এবার বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ১ নম্বর অঞ্চলের রঘুনাথপুর খালপাড় এলাকায়।পুলিশ সূত্রে জানা যায় , গোপন সূত্রে খবর পেয়ে হাবিবুর রহমান মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশি চলাকালীন তার বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাবিবুর রহমান মোল্লা আইএসএফের কর্মী।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি অবৈধ অস্ত্রসরবরাহের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হয়।আর এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সওকাত মোল্লা। যদিও তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড় বিধানসভার বিদায়ী বিধায়ক তথা আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি।










