নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ফর্ম-৬ ভর্তি বস্তা নিয়ে বিজেপির লোকজন কমিশনের দফতরে ঢুকেছে, যার লক্ষ্য ভিনরাজ্যের মানুষকে বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা।

সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-এর সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রতিনিধিরা। বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, “আমরা হাতেনাতে ধরেছি। প্রায় ৩০ হাজার ফর্ম-৬ জমা দিয়ে বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দাদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা হয়েছে”।
অভিষেকের দাবি, সিইও অফিসের দ্বিতীয় তলায় বিপুল পরিমাণ ফর্ম-৬ জমা রাখা রয়েছে। তাঁর কথায়, “গত ৬-৭ ঘণ্টায় প্রায় ৩০ হাজার ফর্ম জমা পড়েছে, যাঁরা বাংলার ভোটার নন, তাঁদের নাম দ্বিতীয় দফার নির্বাচনের জন্য অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে”।
তিনি আরও জানান, নোয়াপাড়া বিধানসভা এলাকায় ৬৫০-৭০০টি ফর্ম জমা পড়েছে। পাশাপাশি ব্যারাকপুর, পূর্ব মেদিনীপুরের এগরা এবং উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রেও এই ধরনের ফর্ম জমার অভিযোগ রয়েছে।
নিয়ম অনুযায়ী, এত সংখ্যক ফর্ম জমা পড়লে শতাধিক মানুষকে সশরীরে উপস্থিত থাকতে হয় বলেও উল্লেখ করেন তিনি। সেই কারণেই কমিশনের কাছে গত ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান অভিষেক।
তাঁর অভিযোগ, সিইও মনোজকুমার আগরওয়াল এই বিষয়ে স্পষ্ট জবাব দিতে পারেননি। এমনকি অফিসে কোথায় সিসিটিভি রয়েছে, তাও জানা নেই বলে দাবি করেন তিনি। অথচ রাজ্যের ৮০ হাজার বুথে সিসিটিভি বসানোর কথা বলা হচ্ছে।
সমগ্র বিষয়টি সুপ্রিম কোর্টে তোলা হবে বলেও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটার তালিকা নিয়ে এই অনিয়ম গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড়সড় হুমকি।







