বর্ধমান: বর্ধমান শহরে শুক্রবার আয়োজিত হল ‘কৃষি ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম’। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক Central Bank of India-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন রাইস মিল ও চাতাল মালিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্ধমান জেলা দীর্ঘদিন ধরেই রাজ্যের ‘ধান ভাণ্ডার’ হিসেবে পরিচিত। সেই প্রেক্ষাপটে ধান ও চাল শিল্পের উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে এই কর্মসূচিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের রাইস মিল মালিক, চাতাল ব্যবসায়ী এবং কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মিল মালিকদের ব্যবসায়িক ঋণ সহজতর করা, কৃষি ক্ষেত্রে সরকারি ও ব্যাঙ্ক ঋণের সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া এবং আধুনিক কৃষি সরঞ্জাম ক্রয়ের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাঙ্কের আধিকারিকরা ঋণ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে দিকনির্দেশনা দেন।
এই উদ্যোগের ফলে মিল মালিকরা তাদের ব্যবসার আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষি ও শিল্পের সমন্বয়ের মাধ্যমে জেলার অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মত প্রকাশ করেন উপস্থিত উদ্যোক্তারা।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, কৃষক ও শিল্পোদ্যোগীদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।







