কৃষ্ণ সাহা, খণ্ডঘোষ: বন্ধুকে হারানোর শূন্যতা বুকে নিয়েই বন্ধনের স্মৃতিকে সামনে রেখে শুরু হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কুলে গ্রামে সূর্যোদয় সংঘের সরস্বতী পুজো। পুজোর নিবেদন—বন্ধন স্মৃতি সংঘ। ১২ বছরে পা রাখা এই পুজো শুধুমাত্র উৎসব নয়, এক হারিয়ে যাওয়া বন্ধুর প্রতি আবেগঘন শ্রদ্ধার প্রতিচ্ছবি।
সূর্যোদয় সংঘের এই সরস্বতী পুজোর সূচনা হয়েছিল আজ থেকে ১২ বছর আগে। সেই সময় গ্রামের বধূদের দেওয়া কাপড় দিয়ে তৈরি হতো ছোট্ট মণ্ডপ। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর আকার-আয়তন যেমন বেড়েছে, তেমনই ফিরে এসেছে বড় পুজোর জৌলুস। তবে বদলায়নি আবেগ আর স্মৃতির বন্ধন।
এবছর মণ্ডপ সজ্জায় বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে কেদারনাথ মন্দিরের আদল। আলোকসজ্জায় মোড়া মণ্ডপের ভিতরে শিবের রূপে নির্মিত হয়েছে প্রতিমা, পাশাপাশি প্রবেশপথে রাখা হয়েছে শিবলিঙ্গ। সব মিলিয়ে দেবাদিদেব মহাদেবের উপস্থিতিতে কন্যা সরস্বতীর আরাধনায় ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা মণ্ডপ জুড়ে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই পুজোর মাধ্যমে বন্ধুর স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখাই তাঁদের মূল লক্ষ্য। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নভোগেরও আয়োজন করা হয়েছে। আবেগ, বিশ্বাস ও বন্ধনের মেলবন্ধনে একবার দেখলেই দর্শনার্থীদের নজর কাড়বে কুলে গ্রামের এই ব্যতিক্রমী সরস্বতী পুজো।








