বর্ধমান:-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনে বর্ধমানে পদযাত্রা করে মনোনয়নপত্র জমা দিলেন রায়না বিধানসভার বিজেপি প্রার্থী সুভাষ পাত্র। মঙ্গলবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তিনি জেলা প্রশাসনিক দফতরে পৌঁছন। পদযাত্রা জুড়ে ছিল উৎসাহী সমর্থকদের ভিড়, শ্লোগান ও পতাকার মিছিল।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ পাত্র ‘পরিবর্তন’-এর জোরালো ডাক দেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ উন্নয়নের আশায় রয়েছেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাই এবার সাধারণ মানুষই পরিবর্তনের পক্ষে রায় দেবেন। রাজ্যে প্রকৃত উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপি লড়াই করছে”।
এছাড়াও তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কর্মী-সমর্থকদের নানা ভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে। যদিও সাধারণ মানুষের ব্যাপক সমর্থনই তাঁদের সবচেয়ে বড় শক্তি বলে দাবি করেন তিনি। সুভাষ পাত্রের কথায়, “ভয় দেখিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। মানুষ এবার নিজের মত প্রকাশ করবে নির্ভয়ে, আর সেই মতই পরিবর্তনের পথ দেখাবে”।
তিনি আরও জানান, আগামী দিনে রায়না বিধানসভা জুড়ে জোরকদমে প্রচার চালানো হবে এবং প্রতিটি গ্রাম ও পাড়ায় পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন। তাঁর দাবি, মানুষের সাড়া ইতিমধ্যেই স্পষ্ট এবং তা আগামী নির্বাচনে ফলাফলেও প্রতিফলিত হবে।








